হরমুজ প্রণালিতে জাতিসংঘের বড় চাল! বাণিজ্য রক্ষায় গঠন হচ্ছে বিশেষ টাস্ক ফোর্স, যা ঘটবে?

ইরান-ইসরাইল যুদ্ধের আবহে হরমুজ প্রণালিতে সামুদ্রিক বাণিজ্যের সুরক্ষা দিতে বড় পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ। পরিস্থিতি মোকাবিলায় একটি বিশেষ টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দিয়েছে সংস্থাটি। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালির মাধ্যমে নিরবচ্ছিন্ন বাণিজ্য প্রবাহ নিশ্চিত করা । জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় এই পদক্ষেপ অত্যন্ত জরুরি।
জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল হোর্হে মোরেইরা দা সিল্ভা এই টাস্ক ফোর্সের নেতৃত্বে থাকবেন। জানা গেছে, ইউক্রেনের ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ এবং গাজার ইউএন২৭২০ মেকানিজমের মতো জাতিসংঘের পূর্ববর্তী সফল প্রকল্পগুলো থেকে এই নতুন টাস্ক ফোর্স অনুপ্রেরণা নেবে।
জাতিসংঘের এই উদ্যোগের বিষয়ে সংস্থাটি বিভিন্ন সদস্য রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করে তাদের সমর্থন চাইবে। বিশেষ করে যারা এই সংঘাতের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের স্বার্থকেই প্রাধান্য দেওয়া হবে।
বিশেষজ্ঞদের মতে, এই সংঘাত বিশ্বজুড়ে খাদ্য সংকট ও মানবিক সংকট আরও বাড়াতে পারে। সারের সরবরাহ বিঘ্নিত হওয়া এবং জ্বালানির দাম বৃদ্ধির ফলে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে খাদ্যের দাম আকাশছোঁয়া হওয়ার আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করেছে যে, যুদ্ধ জুন মাস পর্যন্ত চললে কোটি কোটি মানুষ তীব্র খাদ্য সংকটের মুখে পড়তে পারেন।





