ইরানের পারমাণবিক কেন্দ্রে আতঙ্ক! ১০ দিনে তৃতীয় হামলা, বিশ্বজুড়ে তোলপাড়

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে আবারও হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে হওয়া এই হামলায় কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি বা চুল্লির কোনো ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা আইএইএ। তবে গত ১০ দিনের মধ্যে ইরানে এটি তৃতীয় হামলার ঘটনা হওয়ায় উদ্বেগ ছড়িয়েছে।
আইএইএ’র বরাতে জানা গেছে, বুশেহর পারমাণবিক কেন্দ্রটি স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে এবং কোনো প্রযুক্তিগত বা কাঠামোগত ক্ষতি হয়নি। শুক্রবার রাতে স্থানীয় সময় ১১টা ৪০ মিনিটে একটি প্রজেক্টাইল কেন্দ্রটির প্রাঙ্গণে আঘাত হানে বলে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানিয়েছে। তেহরান এই হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেছে।
ইসরাইলি সেনাবাহিনী সম্প্রতি ইরানের কেন্দ্রীয় অঞ্চলে একটি হেভি ওয়াটার রিয়্যাক্টর ও ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ স্থাপনায় হামলার কথা স্বীকার করলেও বুশেহরের বিষয়টি উল্লেখ করেনি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে এমন ঘটনা বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসি সকল পক্ষকে ‘সর্বোচ্চ সামরিক সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
দক্ষিণ-পশ্চিম ইরানে অবস্থিত বুশেহর পারমাণবিক কেন্দ্রটি দেশটির একমাত্র সচল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, যা ২০১১ সালে জাতীয় গ্রিডে যুক্ত হয়। এই ধারাবাহিক হামলা পারমাণবিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।





