আন্তর্জাতিক
ইসরাইলের যুদ্ধবিমান লক্ষ্য করে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র, বড় ধরনের যুদ্ধের ইঙ্গিত!

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরাইলের একটি যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রাজধানী বৈরুতের আকাশে নিচ দিয়ে উড়ে যাওয়া যুদ্ধবিমানটি লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। গত ২৪ ঘণ্টায় লেবাননের অভ্যন্তরে এবং সীমান্ত পেরিয়ে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে ৮২টি অভিযান চালানোর কথাও জানিয়েছে তারা। বিশ্লেষকদের মতে, রাজধানীর আকাশে এই অস্ত্রের ব্যবহার ইসরাইল ও হিজবুল্লাহর সংঘাতে একটি বড় ধরনের কৌশলগত পরিবর্তন আনতে পারে। হিজবুল্লাহ আরও জানিয়েছে, টায়ার শহরের কাছে তারা ইসরাইলের দুটি ট্যাংক ধ্বংস করেছে এবং খিয়াম শহরের নিয়ন্ত্রণ নিতে ইসরাইলি বাহিনীর সঙ্গে তাদের তীব্র লড়াই চলছে।





