ইরানে হামলার পর বদলে যাচ্ছে সমীকরণ! বড় হুঁশিয়ারি দিলেন জেনারেল

ইরানে মার্কিন-ইসরাইলি যৌথ হামলার ২৮তম দিনে এক বড় হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর এয়ারোস্পেস কমান্ডার সাইয়্যেদ মাজিদ মুসাভি। তিনি জানিয়েছেন, ইরানের উৎপাদন কেন্দ্রগুলোতে হামলার পর এখন আর ‘যেমন কর্ম তেমন ফল’ নীতিতে সীমাবদ্ধ থাকবে না তেহরান। এই পরিস্থিতিতে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে জড়িত শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের দ্রুত এলাকা ছাড়ার জন্য সতর্কবার্তা দিয়েছেন।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় মুসাভি বলেন, ‘ইরানের উৎপাদন স্থাপনায় হামলার পর পরিস্থিতি আগের মতো চোখের বদলে চোখ নীতিতে সীমাবদ্ধ থাকবে না।’ তিনি আরও বলেন, ‘তোমরা আগেও আমাদের পরীক্ষা করেছো। বিশ্ব আবার দেখেছে যে তোমরাই আগুন নিয়ে খেলতে শুরু করেছো এবং অবকাঠামোতে হামলা চালিয়েছো।’
মুসাভি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এবার সমীকরণ আর ‘চোখের বদলে চোখ’ থাকবে না—অপেক্ষা করুন এবং দেখুন!’ তিনি আরও যোগ করেন, ‘আমেরিকান এবং জায়নবাদী শাসনের সাথে যুক্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর কর্মীদের উচিত নিজেদের জীবন বিপন্ন করা এড়াতে দ্রুত তাদের কর্মস্থল ত্যাগ করা।’ এই ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।





