যা ঘটল রাতে: ট্রাম্পের গোপন ফাঁদে আরবরা, দিতে হবে ট্রিলিয়ন ডলার!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপসাগরীয় আরব দেশগুলোকে এক নতুন ‘ফাঁদে’ ফেলেছেন বলে দাবি করা হয়েছে। ইরান সংঘাত বন্ধ করা বা চালিয়ে যাওয়ার জন্য তিনি এই দেশগুলোর কাছে বিপুল অঙ্কের অর্থ দাবি করেছেন। ওমানের সাংবাদিক সালেম আল-জুহুরি বিবিসি অ্যারাবিকে ‘ফাঁস হওয়া তথ্য’ ও বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে এই চাঞ্চল্যকর দাবি করেছেন।
তার বক্তব্য অনুযায়ী, ট্রাম্প প্রশাসন উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশগুলোর কাছে ট্রিলিয়ন ডলার চেয়েছেন। জুহুরি জানিয়েছেন, ‘যদি এই যুদ্ধ চালিয়ে যেতে চায়, তবে জিসিসি রাষ্ট্রগুলোকে প্রায় ৫ ট্রিলিয়ন ডলার দিতে হবে। আর যদি তারা এটি বন্ধ করতে চায়, তবে বিগত দিনগুলোতে যা অর্জিত হয়েছে তার বিনিময়ে যুক্তরাষ্ট্রকে আড়াই ট্রিলিয়ন ডলার দিতে হবে।’ জুহুরি আরও দাবি করেন যে, মার্কিন প্রশাসন উপসাগরীয় দেশগুলোকে এই সংঘাতে সামরিক ও আর্থিকভাবে অংশ নিতে চাপ দিচ্ছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের ওপর আগ্রাসন চালাচ্ছে। এই সংঘাতে এ পর্যন্ত ১৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও রয়েছেন। ইরান এর প্রতিশোধ হিসেবে ইসরাইলসহ জর্ডান, ইরাক ও মার্কিন সামরিক সরঞ্জাম থাকা উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই সংঘাত বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টির পাশাপাশি ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি ঘটিয়েছে।
তবে এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা উপসাগরীয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনো পাওয়া যায়নি। মন্তব্যে উল্লিখিত ‘ফাঁস হওয়া তথ্যের’ ওপর ভিত্তি করেই এসব বিষয় সামনে এসেছে। ট্রাম্প প্রশাসনের এই কথিত দাবি যদি সত্যি হয়, তবে এটি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক সমীকরণে নতুন অস্থিরতা সৃষ্টি করবে বলে আশঙ্কা করা হচ্ছে।





