ট্রাম্পের ইরান যুদ্ধ ছিল সবচেয়ে বড় ভুল—ওমান যা বলেছে

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি একটি নিবন্ধে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্তটি ছিল সবচেয়ে বড় ভুল। দ্য ইকোনমিস্টে প্রকাশিত এই মতামতে তিনি এই দাবি করেছেন।
এই ‘অবৈধ যুদ্ধ’ শেষ করতে ওমানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মিত্রদের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। বদর আলবুসাইদি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান—দুই পক্ষেরই এই সংঘাতে কোনো লাভ নেই।
তিনি বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর বিষয়ে সতর্ক করে দিয়েছেন। ওমান ও উপসাগরীয় দেশগুলো কয়েক দশক ধরে শান্তি নিশ্চিত করার জন্য মার্কিন অস্ত্র কিনেছে এবং মার্কিন ঘাঁটি স্থাপন করেছে। কিন্তু বর্তমানে এই দেশগুলোর শান্তি হুমকির মুখে পড়েছে।
সূত্র থেকে জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে আলোচনা চলাকালীন তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী। তবে ট্রাম্প প্রশাসন ওই চুক্তিকে পিছিয়ে দিয়ে যুদ্ধের সম্ভাবনা তৈরি করেছেন। এজন্য ওমান ফরেন মিনিস্টার বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মিত্রদের কাছে প্রথম কাজ হবে—‘সত্য বলা’।
সবশেষে তিনি বলেছেন, এই যুদ্ধে ইসরাইল মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘প্ররোচিত’ করেছে যে এই যুদ্ধে তারা সহজেই জয় পাবে। কিন্তু এর বিপরীত সত্য হতে পারে। ইসরাইলের লক্ষ্য অর্জনের জন্য যুক্তরাষ্ট্রকে সেখানে সেনা নামাতে হবে এবং চিরস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়তে হবে—যা ট্রাম্প শেষ করার অঙ্গীকার করেছিলেন।





