ইরানে ইসরায়েলি হামলা: বিশ্ব জ্বালানি নিরাপত্তায় নতুন সংকট!

ইরানের গুরুত্বপূর্ণ সাউথ পার্স গ্যাসক্ষেত্র-সংশ্লিষ্ট স্থাপনায় ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। বর্তমান সামরিক উত্তেজনার মধ্যে এই হামলা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তায় বড় ঝুঁকি তৈরি করেছে বলে মন্তব্য করেছে দেশটি।
আল জাজিরার খবর অনুযায়ী, ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের সঙ্গে জড়িত স্থাপনাগুলোতে ইসরায়েলের এই হামলাকে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, এই গ্যাসক্ষেত্রটি কাতারের নিজস্ব নর্থ ফিল্ডের সম্প্রসারিত অংশ। জ্বালানি অবকাঠামোতে আঘাত করা শুধু বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্যই হুমকি নয়, বরং এটি পুরো অঞ্চলের জনগণ ও পরিবেশের জন্যও চরম ঝুঁকিপূর্ণ, বলে তিনি সতর্ক করেন।
উপসাগরীয় অঞ্চলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ১৯তম দিনে এমন একটি খবর সামনে এলো, যেখানে ইরান বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ করে আসছে। পাল্টা হামলায় ইরানও উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু করছে। এমন পরিস্থিতিতে আল-আনসারি সব পক্ষকে সংযম প্রদর্শন, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন।
এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা আরও বৃদ্ধি পেতে পারে এবং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন করে অনিশ্চয়তা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।





