আন্তর্জাতিক

যুদ্ধযাত্রায় চরম বিপত্তি: অচল হয়ে ফিরছে মার্কিন রণতরী!

যুক্তরাষ্ট্রের বিশ্বের বৃহত্তম যুদ্ধ বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড লোহিত সাগর থেকে মেরামতের জন্য ফিরে যাচ্ছে। অগ্নিকাণ্ড ও শৌচাগার সমস্যার কারণে এটি সাময়িকভাবে গ্রিসের ক্রেট দ্বীপের সৌদা বে বন্দরে নোঙর করবে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।

মার্কিন কর্মকর্তারা ১৭ মার্চ (মঙ্গলবার) এ তথ্য নিশ্চিত করেছেন। এটি মধ্যপ্রাচ্যে মোতায়েন ছিল, যেখানে তেহরানের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই রণতরীর অচল হওয়ার খবর জানানো হলো। বিশ্বের বৃহত্তম ও আমেরিকার সবথেকে নতুন এই রণতরী ৯ মাস ধরে মোতায়েন রয়েছে, যা এর আগে ক্যারিবিয়ান অঞ্চলে ভেনেজুয়েলার বিরুদ্ধে অভিযানেও অংশ নিয়েছিল।

মেরামতের কারণ হিসেবে দুটি প্রধান সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একটি হলো জাহাজের প্রধান লন্ড্রি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। এই আগুনে প্রায় ২০০ নাবিক ধোঁয়াজনিত অসুস্থতার কারণে চিকিৎসা গ্রহণ করেছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ৩০ ঘণ্টার বেশি সময় লেগেছিল এবং এতে প্রায় ১০০টি থাকার জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে মার্কিন সেনাদের হোটেলের মেঝেতে ঘুমাতে হয়েছে। দ্বিতীয়ত, রণতরীটি সমুদ্রে থাকাকালীন এর শৌচাগার ব্যবস্থায় গুরুতর সমস্যা দেখা দেয়, যার ফলে নাবিকদের শৌচাগার ব্যবহারের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়েছে।

এত দীর্ঘ সময় ধরে মোতায়েন থাকায় জাহাজে থাকা নাবিকদের মনোবল এবং রণতরীটির যুদ্ধপ্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে। এসব ঘটনায় এর কর্মক্ষমতা ও সুরক্ষার বিষয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা এবং কৌশলগত অবস্থানে সাময়িক প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। রণতরীটি মেরামতের পর কবে আবার সম্পূর্ণরূপে কার্যক্ষম হবে, সেদিকেই তাকিয়ে আছে সংশ্লিষ্ট মহল।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button