আমিরাতের মুসলিমদের দ্রুত বন্দর ছাড়ার নির্দেশ ইরানের!

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা দ্রুত খালি করার আহ্বান জানিয়েছে ইরান। গত শনিবার (১৪ মার্চ) ইরানের খাতাম আল-আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জুলফকারির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।
ইব্রাহিম জুলফকারি জানান, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বেশ কয়েকটি শহরে অবস্থিত শত্রুর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলিকে লক্ষ্য করে নতুন হামলার পরিকল্পনা করেছে ইরান। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সংযুক্ত আরব আমিরাতের মুসলিম জনগোষ্ঠীকে বন্দর, ডক এবং আমেরিকান আস্তানাগুলো দ্রুত খালি করার জন্য আবেদন করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের নেতাদের উদ্দেশে তিনি বলেন, ইরান এই হামলাগুলোকে তাদের জাতীয় সার্বভৌমত্ব এবং ভূখণ্ড রক্ষা করার ‘বৈধ অধিকার’ হিসেবে দেখে। জুলফকারি আরও দাবি করেন, এর আগে এই অঞ্চলের মার্কিন ঘাঁটি ধ্বংস হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের বন্দর ও ডকগুলিতে আশ্রয় নিয়ে ইরানের আবু মুসা দ্বীপ এবং খার্ক দ্বীপের কিছু অংশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী।
ইরানের এই হুঁশিয়ারি এবং নতুন হামলার পরিকল্পনা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে। এতে করে সাধারণ মানুষের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে, পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা নিয়েও প্রশ্ন উঠছে।





