আন্তর্জাতিক

১০ মিলিয়ন ডলার পুরস্কার: ইরানের কোন নেতাদের খুঁজছে যুক্তরাষ্ট্র?

যুক্তরাষ্ট্র ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে। শুক্রবার (১৩ মার্চ) সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এই তথ্য জানায়। এই পদক্ষেপ দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস একটি ব্যানারের মাধ্যমে প্রকাশ করেছে।

প্রকাশিত ব্যানারে যেসব ‘ওয়ান্টেড’ ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন মুজতাবা খামেনি, তার প্রয়াত বাবার উপপ্রধান স্টাফ আলি আসগর হেজাজি, এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি। এছাড়া, তালিকায় সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি, স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি এবং গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবের নামও রয়েছে।

গুরুত্বপূর্ণ আরও চারটি পদের নাম ব্যানারে উল্লেখ করা হয়েছে, তবে সেগুলোর সঙ্গে কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম দেওয়া হয়নি। পদগুলো হলো: সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের সচিব, সর্বোচ্চ নেতার সামরিক দপ্তরের প্রধান, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার এবং ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা। ব্যানারে বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তিরা আইআরজিসির বিভিন্ন শাখাকে নির্দেশনা ও নেতৃত্ব দেন এবং সংস্থাটির মাধ্যমে বিশ্বব্যাপী বিভিন্ন অভিযান পরিকল্পনা, সংগঠন ও পরিচালনার সঙ্গে জড়িত।

মার্কিন রিওয়ার্ডস ফর জাস্টিস ডিপার্টমেন্ট জানিয়েছে, উল্লিখিত ব্যক্তিদের বা আইআরজিসির শীর্ষ কমান্ডার ও তাদের নেটওয়ার্ক সম্পর্কে যাদের কাছে তথ্য আছে, তারা এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম বা টর নেটওয়ার্কভিত্তিক যোগাযোগ চ্যানেলের মাধ্যমে তথ্য দিতে পারবেন। উপযুক্ত তথ্য দিলে সর্বোচ্চ ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কারের ঘোষণা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের এই বিশাল অঙ্কের পুরস্কার ঘোষণা ইরানের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা এবং চাপ সৃষ্টির নতুন মাত্রা যোগ করেছে। আন্তর্জাতিক অঙ্গনে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলে এবং ইরানের বিরুদ্ধে নতুন কোনো তথ্য সামনে আসে কিনা, সেদিকেই এখন সবার দৃষ্টি।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button