আন্তর্জাতিক

হরমুজ দখলে ট্রাম্পের ভাবনা: বিশ্ব জ্বালানি কি ঝুঁকিতে?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যম সিবিএস নিউজকে জানিয়েছেন, তার প্রশাসন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ‘চিন্তাভাবনা’ করছে। বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়, যা এটিকে বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিতি দিয়েছে।

ট্রাম্পের এই মন্তব্যের ফলে মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। গত ১০ দিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে যুদ্ধাবস্থা শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালির মধ্য দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে।

সিবিএস নিউজকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিটি বর্তমানে উন্মুক্ত রয়েছে, তবে হোয়াইট হাউস এটি ‘দখলে নেওয়ার কথা ভাবছে’ এবং তারা সেখানে ‘অনেক কিছুই’ করতে পারে। যদিও ইরান এখন পর্যন্ত প্রণালিটি বন্ধ করে দেয়নি, তবে দেশটি হুমকি দিয়েছে যে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো তেলের ট্যাংকার যদি এই পথ দিয়ে চলাচলের চেষ্টা করে, তাহলে সেটিতে হামলা চালানো হবে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রশাসনের হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের ভাবনা নতুন করে আঞ্চলিক ও আন্তর্জাতিক উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্ত কার্যকর হলে তা শুধু মধ্যপ্রাচ্যের নয়, বরং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও এর মূল্যর ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। আন্তর্জাতিক মহল এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যে, যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে কী পদক্ষেপ নেয় এবং এর প্রতিক্রিয়ায় ইরানের পরবর্তী অবস্থান কী হয়।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button