‘বড় শয়তান’ এর অপছন্দের প্রার্থীই কি ইরানের নতুন সর্বোচ্চ নেতা?

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতৃত্ব নির্ধারণকারী সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টস প্রায় সংখ্যাগরিষ্ঠ ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন সংস্থাটির সদস্য আয়াতুল্লাহ মোহাম্মদ মেহদি মিরবাঘেরি।
রোববার ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন নিয়ে পরিষদের সদস্যদের মধ্যে বড় ধরনের সমঝোতা তৈরি হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার আগে এখনও কিছু ‘প্রতিবন্ধকতা’ রয়ে গেছে, যেগুলোর সমাধান জরুরি।
এর আগে শনিবার পরিষদের এক জ্যেষ্ঠ আলেম জানান, ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়ে আলোচনার জন্য সদস্যরা দ্রুতই বৈঠকে বসতে চলেছেন। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সদস্যদের মধ্যে একটি বিষয় নিয়ে সামান্য মতভেদ রয়েছে; সেটি হলো— চূড়ান্ত সিদ্ধান্ত কি সরাসরি উপস্থিত হয়ে বৈঠকের মাধ্যমে নিতে হবে, নাকি আনুষ্ঠানিক সভা ছাড়াই ঘোষণা করা সম্ভব।
এদিকে নূর নিউজে প্রকাশিত এক ভিডিওতে পরিষদের আরেক সদস্য আয়াতুল্লাহ মহসিন হায়দারি আলেকাসির ইঙ্গিত দেন যে, প্রয়াত সর্বোচ্চ নেতার দেওয়া একটি পরামর্শ অনুসরণ করে ইতোমধ্যে একজন প্রার্থীকে বাছাই করা হয়েছে। সেই পরামর্শ অনুযায়ী, ইরানের শীর্ষ নেতা এমন একজন হওয়া উচিত যাকে ‘শত্রুরা ঘৃণা করবে’, প্রশংসা করবে না।
বাছাই করা সম্ভাব্য উত্তরসূরি সম্পর্কে আলেকাসির আরও বলেন, “এমনকি ‘বড় শয়তান’ (যুক্তরাষ্ট্র) তার নাম উল্লেখ করেছে।” উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতাবা খামেনি তার কাছে “অগ্রহণযোগ্য” একটি বিকল্প।
ইরানের এই সর্বোচ্চ নেতার নির্বাচন শুধু দেশটির অভ্যন্তরীণ রাজনীতি নয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্কেও গভীর প্রভাব ফেলবে। চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় রয়েছে ইরানসহ গোটা বিশ্ব, কারণ এই সিদ্ধান্ত ইরানের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।





