ট্রাম্পের দাবি: এক সপ্তাহে ইরানের ‘সব নেতৃত্ব’ ধ্বংস!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ‘অবিশ্বাস্যভাবে ভালো’ করছে। শনিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করার কথা জানান।
ট্রাম্পের ভাষ্যমতে, এক সপ্তাহে যুক্তরাষ্ট্র যা অর্জন করেছে, তা কেউ কল্পনাও করতে পারবে না। তিনি জানান, ‘আমরা তাদের ৪৪টি জাহাজ ধ্বংস করেছি। তাদের বেশিরভাগ ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে।’ ট্রাম্প আরও দাবি করেন, ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী এলাকাগুলোতেও হামলা চালানো হয়েছে এবং ইরানের ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্য হারে কমে গেছে।
যুদ্ধ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘আমরা তাদের সব নেতৃত্বকে নির্মূল করেছি।’
যুদ্ধ কতদিন চলবে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ‘যতক্ষণ প্রয়োজন হয়।’ তার এই মন্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার ভবিষ্যত নিয়ে নতুন করে জল্পনা তৈরি করেছে।





