তেলক্ষেত্রে হামলা: ইরানকে সৌদির সরাসরি বার্তা, “ভুল করবেন না”

সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ ইরানকে ‘ভুল সিদ্ধান্ত’ না নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় সৌদি আরবে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার (৭ মার্চ) তিনি এই সতর্কবার্তা দেন।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবারের আগে দেশটির প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। উল্লেখ্য, এই ঘাঁটিতে মার্কিন সেনারা অবস্থান করছেন। একই সময়ে একটি বৃহৎ তেলক্ষেত্রে ড্রোন হামলার চেষ্টাও প্রতিহত করা হয়েছে বলে মন্ত্রণালয় জানায়। এই সপ্তাহে সৌদি আরব আরও জানিয়েছে, তাদের রাস তানুরা তেল শোধনাগারকে লক্ষ্য করে অন্তত দুটি ড্রোন হামলা চালানো হয়েছিল।
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠকের পর প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লেখেন, “এসব কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে।” তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে আশা করেন, ইরান বিচক্ষণতার পরিচয় দেবে এবং ভুল সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকবে। এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, রাজধানী রিয়াদের দক্ষিণ-পূর্বে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এছাড়াও শায়বাহ অয়েল ফিল্ডে হামলার চেষ্টা ও এম্পটি কোয়ার্টার মরুভূমি এলাকায় ছয়টি ড্রোন ভূপাতিত করার কথা জানানো হয়। এই ঘটনাগুলো মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে।
মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনার পারদ সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ সৃষ্টি করেছে। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর এর সুদূরপ্রসারী প্রভাব নিয়ে আন্তর্জাতিক মহলেও আলোচনা চলছে। সৌদি আরবের এই সরাসরি বার্তার পর ইরান কী পদক্ষেপ নেয় এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এর কী প্রভাব পড়ে, তা এখন দেখার বিষয়।





