আন্তর্জাতিক

হামলার রেশ কাটেনি: শ্রীলঙ্কার উপকূলে ইরানি জাহাজ, ২০৮ ক্রু উদ্ধার

শ্রীলঙ্কার এক্সক্লুসিভ ইকোনমিক জোন এলাকায় কলম্বো বন্দরের কাছে ‘আইআরআইএস বুশেহর’ নামের একটি ইরানি জাহাজ নোঙর করেছে। জাহাজটি শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশের অনুমতি চেয়েছিল এবং এর ক্রুদের উদ্ধার করে তীরে আনা হচ্ছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

প্রেসিডেন্ট দিসানায়েকে জানান, ইরানি দূতাবাস এবং শ্রীলঙ্কা সরকারের মধ্যে আলোচনার পর সংশ্লিষ্ট জাহাজের অধিনায়ক ক্রুদের উদ্ধারের সিদ্ধান্ত নেন। শ্রীলঙ্কার নৌবাহিনীর জাহাজগুলো ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধারকাজ পরিচালনা করছে। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০৮ জন ক্রুকে জাহাজ থেকে তীরে আনার জন্য প্রস্তুত করা হয়েছে। এদের মধ্যে ৫৩ জন কর্মকর্তা, ৮৪ জন ক্যাডেট, ৪৮ জন সিনিয়র নাবিক এবং ২৩ জন সাধারণ নাবিক রয়েছেন।

উদ্ধারকৃত ক্রুদের প্রথমে কলম্বো বন্দরে আনা হবে। পরবর্তীতে তাদের ত্রিনকমালি বন্দরের এলাকায় স্থানান্তরিত করার পরিকল্পনাও রয়েছে বলে প্রেসিডেন্ট উল্লেখ করেন।

উল্লেখ্য, গত চৌঠা মার্চ শ্রীলঙ্কার উপকূলের কাছে আরেকটি ইরানি জাহাজ ‘আইআরআইএস দেনা’ হামলার শিকার হয়। সেই সময় যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে তারা সাবমেরিন টর্পেডো দিয়ে আঘাত করে জাহাজটি ডুবিয়ে দেয়। ওই হামলার পর ৩২ জনকে উদ্ধার করা হলেও, পরবর্তীতে নিখোঁজ ৮৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহগুলো গালে জাতীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এর আগে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ জানিয়েছিলেন যে ওই জাহাজে প্রায় ১৮০ জন যাত্রী ছিলেন।

আগের হামলার রেশ কাটতে না কাটতেই শ্রীলঙ্কার উপকূলে নতুন করে ইরানি জাহাজের উপস্থিতি এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক নজরদারি বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button