কুয়েত উপকূলে ট্যাংকারে রহস্যময় বিস্ফোরণ; ছড়াল বিপুল তেল

ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি ইউকেএমটিও জানিয়েছে, কুয়েতের উপকূলে একটি তেল ট্যাংকারে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের পর বিপুল পরিমাণ তেল সাগরে ছড়িয়ে পড়েছে। উপসাগরে কুয়েতের মুবারক আল কাবির বন্দর থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল (৫৬ কিলোমিটার) দক্ষিণ-পূর্বে এই ঘটনা ঘটে।
ইউকেএমটিও এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণের ফলে ট্যাংকারের একটি কার্গো ট্যাঙ্ক থেকে তেল ছড়িয়ে পড়েছে। তবে সুখবর হলো, এ ঘটনায় কোনো আগুনের খবর পাওয়া যায়নি এবং ট্যাংকারটির ক্রুরা সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন। ইউনাইটেড কিংডম মেরিটিম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) আরও জানিয়েছে, ঘটনার পর একটি ছোট নৌযানকে বিস্ফোরণস্থল থেকে দ্রুত পালিয়ে যেতে দেখা গেছে, যা ঘটনার রহস্য আরও বাড়িয়েছে।
অন্যদিকে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনাটি তাদের আঞ্চলিক জলসীমার বাইরে, মুবারক আল কাবীর বন্দর থেকে অন্তত ৬০ কিলোমিটার (৩৭ মাইল) দূরে ঘটেছে।
বিস্ফোরণের কারণ এখনও অজানা। এটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে তদন্ত চলছে। এই তেল ছড়িয়ে পড়ার ঘটনা উপসাগরের পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য উদ্বেগ তৈরি করেছে। কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের ওপরই নির্ভর করছে পরিবেশগত ক্ষতির মাত্রা কতটা কমানো যাবে।




