যুক্তরাষ্ট্রই নিরাপত্তা দিতে পারছে না ইসরাইলে!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে ইসরাইলে অবস্থানরত নিজেদের নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল মার্কিন সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের নিজ নিজ বাসস্থান বা তার আশপাশে অবস্থান করার জন্য জেরুজালেমের মার্কিন দূতাবাস নির্দেশ দিয়েছে।
ইরানের প্রতিশোধমূলক হামলার পর থেকে ইসরাইলসহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সংঘাতে তীব্রতা ও এর সম্ভাব্য সুদূরপ্রসারী পরিণতি নিয়ে উদ্বেগ বাড়ছে। অনলাইনে প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় জেরুজালেমের যুক্তরাষ্ট্রের দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে যে, ‘এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের দূতাবাস ইসরাইল ত্যাগে আমেরিকানদের সরিয়ে নেওয়া বা সরাসরি সহায়তা করার অবস্থানে নেই।’
দূতাবাস আরও জানায়, ইসরাইলের পর্যটন মন্ত্রণালয় তাবা সীমান্ত ক্রসিংয়ে শাটল সেবা চালু করেছে। এই সেবার মাধ্যমে মিসরে যাওয়ার সুযোগ থাকলেও, শাটল ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার কোনো নিশ্চয়তা দিতে পারছে না। যারা জর্দানে যেতে ইচ্ছুক, তারা শাটলে করে এলাত পর্যন্ত গিয়ে সেখান থেকে নিজস্ব ব্যবস্থাপনায় ইয়িৎসহাক রবিন সীমান্ত ক্রসিংয়ে যেতে পারবেন। যুদ্ধের লক্ষ্য বা এর চূড়ান্ত পরিণতি নিয়ে ইসরাইল ও যুক্তরাষ্ট্র পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছে, যা চলমান সংকটের জটিলতাকে আরও বাড়িয়ে তুলেছে।
এই পরিস্থিতিতে ইসরাইলে আটকে পড়া মার্কিন নাগরিকদের ব্যক্তিগত উদ্যোগেই নিজেদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হচ্ছে, যা তাদের মধ্যে গভীর উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি করেছে।





