রণবীরের ‘ধুরন্ধর ২’: ভাঙছে বলিউডের ৩০ বছরের এক ঐতিহ্য!

মুম্বাইয়ের ঐতিহ্যবাহী মারাঠা মন্দির প্রেক্ষাগৃহে দীর্ঘ ৩০ বছরের একচ্ছত্র রেকর্ড এবার ভাঙতে চলেছে বলিউড সুপারস্টার রণবীর সিংয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর টু’। কালজয়ী সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ (ডিডিএলজে) গত তিন দশক ধরে প্রতিদিন নির্দিষ্ট সময়ে প্রদর্শিত হয়ে আসছিল এই প্রেক্ষাগৃহে।
কিন্তু সেই দীর্ঘ ঐতিহ্য এবার বদলে যাচ্ছে। ‘ধুরন্ধর টু’ সেই চিরচেনা শো টাইম কেড়ে নিয়ে নিজস্ব জায়গা করে নিচ্ছে। কেবল মারাঠা মন্দির নয়, রণবীরের এই অ্যাকশন থ্রিলার নিয়ে দর্শকদের উন্মাদনা এমনই যে, মুম্বাই ও থানেসহ ভারতের বিভিন্ন শহরে হল মালিকরা মধ্যরাতেও শো শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি, ব্যাপক চাহিদা সামলাতে প্রয়োজনে ২৪ ঘণ্টা সিনেমাটি প্রদর্শনের পরিকল্পনাও শোনা যাচ্ছে।
গত ফেব্রুয়ারি মাসের শুরুতে ট্রেলার প্রকাশ পাওয়ার পর থেকেই ‘হামজা আলি’ রূপী রণবীরের সংলাপ সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল। সব আলোচনা ছাপিয়ে দর্শকদের জোয়ার এখন টিকিট কাউন্টারে। আগামী ১৯ মার্চ মুক্তি পেতে যাওয়া এই ছবির অগ্রিম টিকিট বুকিংয়ের হিসাব বলছে, এরই মধ্যে প্রায় ১৫ লাখ টিকিট বিক্রি হয়ে গেছে। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম – মোট পাঁচটি ভাষায় মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর টু’।
মারাঠা মন্দিরের মতো একটি ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহে এমন দীর্ঘদিনের প্রথা ভাঙা বলিউডের ইতিহাসে বিরল ঘটনা। রণবীরের এই নতুন সিনেমাটি দর্শকদের মাঝে কতটা প্রভাব ফেলে এবং ‘ডিডিএলজে’-এর শূন্যতা পূরণে কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।





