৬৬ বছরে মা হচ্ছেন নীনা গুপ্তা? যা বললেন অভিনেত্রী নিজেই…

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নীনা গুপ্তাকে ঘিরে সম্প্রতি ‘মা হতে চলেছেন’ এমন একটি গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ৬৬ বছর বয়সী এই অভিনেত্রীকে নিয়ে ওঠা এমন খবর নেটদুনিয়ায় তুমুল জল্পনার সৃষ্টি করে। এবার এই গুঞ্জন প্রসঙ্গে মুখ খুলেছেন নীনা গুপ্তা নিজেই।
বলিউডে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনার কেন্দ্রে থাকা নীনা গুপ্তার সাম্প্রতিক এই গুঞ্জনের সূত্রপাত ঘটে অভিনেত্রী রাশমিকা মান্দান্না ও বিজয় দেবেরাকোণ্ডার সংবর্ধনা অনুষ্ঠানে। সেখানে শাড়ি পরা অবস্থায় এই অভিনেত্রীর পেট কিছুটা উঁচু দেখা যায়, যা দেখে অনেকেই তাকে ‘গর্ভবতী’ বলে ধরে নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত এই গুজব ছড়িয়ে পড়ে, যা তুমুল আলোচনার জন্ম দেয়। বিশেষ করে তার মেয়ে মাসাবা গুপ্তা সম্প্রতি কন্যাসন্তানের জন্ম দেওয়ার পর এই গুঞ্জন আরও জোরালো হয়।
গুঞ্জন প্রসঙ্গে নীনা গুপ্তা নিজেই মুখ খুলেছেন। তিনি হাসতে হাসতে বলেন, “ব্যস, এটাই বাকি ছিল—বাস্তব জীবনে ‘বাধাই হো’!” তিনি আরও স্পষ্ট করে জানান, “এটা কোনো ‘বাধাই হো’-এর ঘটনা নয়, আমি গর্ভবতীও নই। আসলে শাড়ির কাপড়টা একটু মোটা ছিল, তাই আমাকে ও রকম দেখাচ্ছিল।” প্রসঙ্গত, ‘বাধাই হো’ সিনেমায় নীনা গুপ্তা ৬০ বছর বয়সী এক নারীর চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি হঠাৎ গর্ভবতী হয়ে পড়েন।
এই জল্পনা প্রসঙ্গে কিছুটা রসিকতার সুরে নীনা বলেন, “এ বয়সেও আমার গর্ভাবস্থা নিয়ে এমন জল্পনা হওয়াটা আমার ভালোই লেগেছে। এতে বোঝা যায়, আমরা একটি জাতি হিসেবে বদলাচ্ছি।” তার এই মন্তব্য সমাজের মানসিকতার পরিবর্তনের একটি ইঙ্গিত বলে মনে করছেন অনেকে।
তার এই স্পষ্ট বার্তার পর সব জল্পনার অবসান ঘটলেও, নীনা গুপ্তা তার ব্যক্তিগত জীবন এবং সাহসী সিদ্ধান্তের জন্য সবসময়ই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন।





