শেয়ারবাজারে বড় পরিবর্তন! লেনদেন কমছে, জানলে অবাক হবেন

আগামীকাল রোববার থেকে দেশের শেয়ারবাজারে লেনদেনের সময়সূচিতে বড় পরিবর্তন আসছে। জ্বালানী সাশ্রয়ের সরকারি সিদ্ধান্তের সঙ্গে তাল মিলিয়ে এবার শেয়ারবাজারেও কার্যঘণ্টা কমানো হচ্ছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ৫ এপ্রিল (রোববার) থেকে শেয়ারবাজারে লেনদেন চলবে দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত। এরপর ৫ মিনিটের সমাপনী সেশন শেষে দুপুর ২টায় লেনদেন সম্পর্কিত সব কার্যক্রম বন্ধ হয়ে যাবে। স্বাভাবিক সময়ে যা দুপুর আড়াইটায় শেষ হতো।
তবে লেনদেন শুরু হবে আগের মতোই সকাল ১০টায়। অর্থাৎ, শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেনের সময় দৈনিক প্রায় আধ ঘণ্টা কমে আসছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নতুন সূচিতে লেনদেন চলবে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, ডিএসইর অফিস সময় সকাল ৯টা থেকে বেলা ৪টা পর্যন্ত নির্ধারিত থাকবে। নতুন এই সূচি কার্যকর হওয়ার ফলে শেয়ারবাজারের সঙ্গে জড়িত বিনিয়োগকারী, ব্রোকারেজ হাউসের কর্মীসহ সংশ্লিষ্ট সকলেই নতুন সময়ের সঙ্গে মানিয়ে নেবেন। জ্বালানী ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকার অফিসের কর্মঘণ্টা এক ঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে, যার প্রভাবে শেয়ারবাজারের এই পরিবর্তন।





