অর্থনীতি

বিএসসির বিশাল পরিকল্পনা! সাগরে নামছে নতুন ২৫ জাহাজ, বদলে যাবে দৃশ্যপট

দেশের রাষ্ট্রীয় জলযান সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) বড় এক মেগা প্রকল্প হাতে নিয়েছে, যা বিদেশি জাহাজের ওপর নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রকল্পের মাধ্যমে ২৫টি নতুন জাহাজ যুক্ত হবে বিএসসির বহরে, যা বিশ্ব সমুদ্র বাণিজ্যে বাংলাদেশের উপস্থিতিকে আরও শক্তিশালী করবে। বর্তমানে সাতটি জাহাজ নিয়ে আন্তর্জাতিক রুটে পণ্য পরিবহন করছে বিএসসি।

বিএসসির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সংস্থাটি তাদের ৫২ বছরের ইতিহাসে বর্তমানে সবচেয়ে ভালো সময় পার করছে। চলতি অর্থবছরে ৮০০ কোটি টাকার ব্যবসা করে, যার মধ্যে নিট মুনাফা দাঁড়িয়েছে ৩০৬ কোটি টাকা। গত অর্থবছরে এই আয় ছিল ২৪৯ দশমিক ৬৯ কোটি টাকা। আন্তর্জাতিক রুটে মাত্র সাতটি জাহাজ পরিচালনা করেই এই বিপুল পরিমাণ অর্থ আয় করা সম্ভব হয়েছে।

শুধু জাহাজ পরিচালনা নয়, দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে বকেয়া পাওনা আদায়েও বিএসসি দারুণ সাফল্য পেয়েছে। সমঝোতার মাধ্যমে চার্টারারদের কাছ থেকে প্রায় ৪৩ কোটি টাকা আদায় করেছে সংস্থাটি। এছাড়া, চীনা সরকারের ঋণে কেনা ছয়টি জাহাজের কিস্তি বাবদ ৫৬৭ দশমিক ৪৫ কোটি টাকা অর্থ মন্ত্রণালয়কে পরিশোধ করেছে বিএসসি।

নৌবহরকে আরও শক্তিশালী করতে বিএসসি কর্তৃপক্ষ পাঁচটি নতুন জাহাজ কেনার প্রক্রিয়া শুরু করেছে। এর মধ্যে নিজস্ব অর্থায়নে দুটি বাল্ক ক্যারিয়ার কেনার প্রস্তাব সরকারি ক্রয়সংক্রান্ত কমিটি অনুমোদন করেছে। এছাড়া, সরকারি ঋণে বাকি তিনটি জাহাজ কেনার জন্য সমীক্ষার কাজ শুরু হয়েছে। ভবিষ্যৎ কর্মপরিকল্পনায়, বিএসসি কেবল বাল্ক ক্যারিয়ার নয়, বরং আধুনিক জ্বালানি ও পণ্য পরিবহনেও নজর দিচ্ছে। চারটি জাহাজ (দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার এবং দুটি মাদার বাল্ক ক্যারিয়ার) জিটুজি ভিত্তিতে কেনা হবে। প্রথমবারের মতো ছয়টি আধুনিক সেলুলার কন্টেইনার জাহাজ এবং জ্বালানি নিরাপত্তার কথা বিবেচনায় রেখে ছয়টি এলএনজি ক্যারিয়ার ও বেশকিছু কেমিক্যাল ও প্রোডাক্ট অয়েল ট্যাংকার কেনার প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়েছে।

জাহাজ পরিচালনা খাতের পাশাপাশি, বিএসসি তাদের অধীনে থাকা অন্যান্য খাতগুলো থেকেও আর্থিকভাবে সচ্ছল হচ্ছে। খুলনায় একটি বহুমুখী ভবন নির্মাণ এবং চট্টগ্রামের কৈবল্যধামে বাণিজ্যিক প্রকল্প গ্রহণের কাজ শুরু হয়েছে। নাবিকদের উচ্চতর প্রশিক্ষণের জন্য ‘বিএসসি মেরিটাইম ট্রেনিং সেন্টার’ চালুর মাধ্যমে দক্ষ জনবল তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর মাহমুদুল মালেক জানিয়েছেন, তারা বিএসসির ইতিহাসের সেরা সময় পার করছেন এবং রেকর্ড মুনাফা তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। দ্রুততম সময়ে নৌবহরে নতুন ২৫টি জাহাজ যুক্ত হলে মোট জাহাজের সংখ্যা দাঁড়াবে ৩২টি, যা বিএসসির সুদিন ফিরিয়ে আনবে। তাদের লক্ষ্য বিশ্বমানের মেরিটাইম সেবা নিশ্চিত করার মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং জাতীয় অর্থনীতিতে বিএসসির অবদান বাড়ানো।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button