বাজেট নিয়ে অর্থমন্ত্রীর এ কী বললেন? দেশে শুরু তোলপাড়!

দেশের ভঙ্গুর অর্থনীতি, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ—এই তিন বড় সংকট আগামী অর্থবছরের বাজেট প্রণয়নকে অত্যন্ত চ্যালেঞ্জিং করে তুলেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ বৈঠক শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
অর্থমন্ত্রী জানান, দেশের অর্থনীতি এমনিতেই বেশ চাপে রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সরকারের দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতিগুলো পূরণের বাধ্যবাধকতা। নতুন করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, যা সামগ্রিকভাবে বাজেট প্রস্তুতকারী সরকারের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, সরকার এমন একটি বাজেট তৈরি করতে চায় যেখানে একদিকে রাজস্ব আদায় বাড়বে, অন্যদিকে বিনিয়োগ ও কর্মসংস্থান যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। দেশি-বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে সামনে রেখেই বাজেট প্রণয়ন করা হবে। এছাড়া, উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রাখতে নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রয়োজনীয় সম্পদ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। তবে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট বাড়তি ব্যয় এবং জ্বালানি আমদানিতে বর্ধিত খরচ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। অর্থমন্ত্রী স্পষ্ট করেন যে, সরকার টাকা ছাপাতে চায় না এবং ঋণনির্ভরতা কমিয়ে বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকে অগ্রসর হতে আগ্রহী।





