কৃষিতে আসছে বিপ্লব! জাইকার ১২৫ কোটি টাকায় বদলে যাচ্ছে সব?

দেশের কৃষিভিত্তিক শিল্প ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের উদ্যোক্তাদের জন্য এক যুগান্তকারী খবর! জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর সহায়তায় এসএমই ফাউন্ডেশন দিচ্ছে ১২৫ কোটি টাকার বিশেষ ঋণ সুবিধা। এই অর্থায়নের মাধ্যমে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তারা সর্বোচ্চ ৯ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন, যা তাদের শিল্পকে পৌঁছে দেবে নতুন উচ্চতায়।
এই বিপুল পরিমাণ অর্থায়নের আওতায় খাদ্য ভ্যালু চেইনের উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য থাকছে বিশেষ অগ্রাধিকার। ফল, শাকসবজি, মসলা, চাল-ডাল প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে ভোজ্য তেল, বীজ, জৈব সার উৎপাদনসহ পুরো সরবরাহ চেইন এতে অন্তর্ভুক্ত থাকবে। শুধু তাই নয়, যন্ত্রপাতি ক্রয়, কারখানা উন্নয়ন, গুদাম নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়নেও মিলবে এই অর্থায়ন।
এসএমই ফাউন্ডেশন জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে দেশের খাদ্য ভ্যালু চেইন শক্তিশালী হবে, আমদানি নির্ভরতা কমবে, রফতানির সুযোগ বাড়বে এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশের শিল্প খাতের প্রায় ৯৯ শতাংশই সিএমএসএমই এবং এখানে প্রায় ৩ কোটির বেশি মানুষ কাজ করছেন। ২০০৬ সাল থেকে এসএমই ফাউন্ডেশন প্রায় ২০ লাখ উদ্যোক্তাকে সহায়তা দিয়েছে, যার মধ্যে ৬০ শতাংশই নারী।





