অর্থনীতি

বছর শেষে নয়, এখন যেকোনো সময় আয়কর রিটার্ন! মিলবে বিশেষ ছাড়?

আগামী অর্থবছর থেকে আয়কর রিটার্ন দাখিল করার নিয়মে বড় পরিবর্তন আসছে। এখন থেকে আর নির্দিষ্ট একটি তারিখে নয়, সারা বছর যেকোনো সময় অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, এই নতুন নিয়ম কার্যকর হলে আয়কর দিবসের মতো নির্দিষ্ট দিনের বাধ্যবাধকতা থাকবে না।

নতুন এই পদ্ধতিতে আয়কর রিটার্ন দাখিলের জন্য চারটি প্রান্তিক (Quarter) নির্ধারণ করা হবে। যারা প্রথম প্রান্তিকে রিটার্ন জমা দেবেন, তারা কর ছাড়ের সুবিধা পাবেন। দ্বিতীয় প্রান্তিকে দাখিলকারীদের নিয়মিত করদাতা হিসেবে গণ্য করা হবে, তবে তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে যারা রিটার্ন জমা দেবেন, তাদের তুলনামূলকভাবে কিছুটা বেশি কর পরিশোধ করতে হতে পারে। এই চারটি প্রান্তিকের মধ্যে করদাতারা নিজেদের সুবিধা অনুযায়ী যেকোনো একটি সময় বেছে নিতে পারবেন।

এনবিআর চেয়ারম্যান আরও জানান, চলতি অর্থবছরে এখন পর্যন্ত ৪২ লাখের বেশি মানুষ আয়কর রিটার্ন জমা দিয়েছেন। তবে, প্রায় ২০ হাজার করদাতা সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করেছেন। অনলাইনে সময় বাড়ানোর আবেদন করার সুযোগও রাখা হয়েছে। আইন অনুযায়ী, কর অঞ্চলের কর্মকর্তারা ৯০ দিন পর্যন্ত সময় মঞ্জুর করতে পারেন, যা আগামী ৩০ জুন পর্যন্ত রিটার্ন দাখিলের সুযোগ দিতে পারে।

সুশাসন প্রতিষ্ঠা ও কর ফাঁকি রোধের মাধ্যমে রাজস্ব আদায় বাড়াতে এনবিআর কাজ করছে বলে জানিয়েছেন চেয়ারম্যান। তিনি বলেন, গত বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ফেব্রুয়ারি মাসে (ফেব্রুয়ারি পর্যন্ত) ২৮ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button