হঠাৎ ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম! যা হচ্ছে জানেন?

দেশের ব্যাংকিং খাতে তারল্য বেড়ে যাওয়ায় বাংলাদেশ ব্যাংক ৯১ দিনের ট্রেজারি বিলের একটি বিশেষ নিলাম ডেকেছে। এর মাধ্যমে সরকার ৫ হাজার কোটি টাকা সংগ্রহ করবে। আগামী ১ এপ্রিল এই নিলাম অনুষ্ঠিত হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
জানা গেছে, বর্তমানে ব্যাংকিং খাতে পর্যাপ্ত তারল্য রয়েছে। গত রোববার ব্যাংকগুলো স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (রিভার্স রেপো)-এর মাধ্যমে প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়েছে। তবে এই ব্যবস্থায় ব্যাংকগুলো এক দিনের বেশি অর্থ জমা রাখতে পারে না।
কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানান, বাজেট বছরের শেষ সময়ে সরকারের অর্থের প্রয়োজন হয়। বর্তমানে পলিসি রেটের চেয়েও কম খরচে ব্যাংক থেকে অর্থ পাওয়া যাচ্ছে, এই সুযোগটি কাজে লাগিয়ে সরকার ৯১ দিনের জন্য এই অর্থ সংগ্রহ করছে। তিনি আরও জানান, এটি সরকারের ঋণের চাপে নয়, বরং ব্যাংকিং খাতে বিদ্যমান অতিরিক্ত তারল্য কমানোর একটি প্রয়াস।
অন্যদিকে, প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে বেসরকারি খাতে বিনিয়োগ কিছুটা ধীর হওয়ায় ব্যাংকগুলোতে তারল্য ভালো অবস্থায় রয়েছে। সূত্রমতে, জুনের শেষ দিকে কিছু অনুদান আসার কথা রয়েছে, যার মাধ্যমে এই ঋণ পরিশোধ করা সহজ হবে। এই উদ্যোগের ফলে একদিকে সরকারের অর্থের চাহিদা পূরণ হবে, অন্যদিকে ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্যও ব্যবস্থাপনায় আসবে।





