আমানতকারীদের বিক্ষোভ: টাকা ফেরত না পেলে বাংলাদেশ ব্যাংক ঘেরাও!

একীভূত পাঁচ ব্যাংকের হাজারো আমানতকারী তাদের জমা রাখা অর্থ ফেরত ও ‘হেয়ার কাট’ সিদ্ধান্ত বাতিলের দাবিতে বাংলাদেশ ব্যাংকের গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই মানববন্ধনে আমানতকারীরা বিভিন্ন স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় ব্যাংকের সামনে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের সিদ্ধান্তে শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের আমানতের ওপর গত দুই বছরের মুনাফা কেটে মাত্র ৪ শতাংশ সরকারি অনুকম্পা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ‘হেয়ার কাট’ নামে পরিচিত। আমানতকারীরা এই সিদ্ধান্তকে অমানবিক ও অন্যায্য বলে আখ্যা দিয়েছেন। তারা জানান, গত দুই বছর ধরে অনেকেই এসব ব্যাংক থেকে মূলধন ও মুনাফা তুলতে পারছেন না। এর ফলে অনেক পরিবার চরম আর্থিক সংকটে পড়ে মানবেতর জীবনযাপন করছে।
আমানতকারীরা চুক্তি অনুযায়ী ২০২৪ ও ২০২৫ সালের মুনাফাসহ তাদের আমানতের পুরো অর্থ ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন। একইসঙ্গে অন্যান্য তফসিলি ব্যাংকের মতো সম্মিলিত ইসলামি ব্যাংকে সব ধরনের লেনদেন স্বাভাবিক করার আহ্বান জানান তারা। বংশাল থেকে আসা দিন ইসলাম নামে এক আমানতকারী বলেন, “হেয়ার কাট বাতিল করে লেনদেন স্বাভাবিক করতে হবে। তা-না হলে আমরা এখান থেকে সরে যাবো না।”
দাবি পূরণ না হলে আগামী ১২ মার্চ বাংলাদেশ ব্যাংক ঘেরাও করার হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা। এই অচলাবস্থা সাধারণ মানুষের মধ্যে ব্যাংক খাতে আস্থার সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।





