সৎ মায়ের নির্যাতনে অতিষ্ঠ দুই বোন, বিষপানে একজনের মৃত্যু, ছোট বোন আশঙ্কাজনক!

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গুণই গ্রামে সৎ মায়ের নির্যাতনের শিকার হয়ে দুই বোন বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। এই ঘটনায় বড় বোন সোনিয়া আক্তার (২০) মারা গেছেন, এবং ছোট বোন জনি আক্তার (১৬) আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুপুর ১টার দিকে গুণই গ্রামের ৮নং খাগাউড়া ইউনিয়নে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চান মিয়ার প্রথম স্ত্রীর দুই কন্যা সোনিয়া ও জনি দীর্ঘদিন ধরে তাদের সৎ মায়ের মানসিক নির্যাতনের শিকার হচ্ছিল। নির্যাতনের জেরে অতিষ্ঠ হয়ে তারা কীটনাশক পান করে। দুই বোন ছটফট করতে থাকলে প্রতিবেশীরা টের পেয়ে তাদের দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোনিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। ছোট বোন জনির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানায়, দুই বোনের মা কিছুদিন আগে বিষপানে আত্মহত্যা করেছিলেন। এরপর তাদের বাবা দ্বিতীয় বিয়ে করেন। অভিযোগ উঠেছে, সৎ মা দুই বোনকে বিভিন্নভাবে নির্যাতন করতেন। এই ক্ষোভ থেকেই তারা এমন চরম পদক্ষেপ নেয়। ঘটনার পর থেকে সৎ মা আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সোনিয়ার মৃতদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।





