প্রশাসনের নাম ভাঙিয়ে শ্রমিক লীগ নেতার চাঁদাবাজি, এলাকায় চাঞ্চল্য!

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইটবোঝাই ট্রাক আটকে প্রশাসনের নাম ব্যবহার করে চাঁদাবাজির চেষ্টার অভিযোগ উঠেছে সদর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ছদরুল ইসলামের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জানা গেছে, উপজেলার মাঝেরগাঁও গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে ছদরুল ইসলাম, সুরমা ইউনিয়নের শরীফপুর সাইডিংঘাটের ‘কালা মিয়া এন্টারপ্রাইজ’-এর একটি ইটবোঝাই গাড়ি আটকে দেয়। তিনি নিজেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ‘উপরের নির্দেশ’ আছে বলে চালককে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করেন।
অভিযোগকারী মাসুদ রানা সোহাগ জানান, ছদরুল ইসলাম বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও চাঁদাবাজি করতেন এবং সম্প্রতি জেল খেটে জামিনে বেরিয়ে এসে আবার এই কারবারে লিপ্ত হয়েছেন। প্রতিদিন শত শত গাড়ি চলাচল করলেও শুধু চাঁদা না দেওয়ার কারণেই তাদের গাড়িটি উদ্দেশ্যমূলকভাবে আটকানো হয়েছে।
তবে, এই অভিযোগ অস্বীকার করে ছদরুল ইসলাম দাবি করেন, ইউএনও-র নির্দেশে অতিরিক্ত মালবাহী গাড়ি চলাচলে নিষেধ করা হয়েছে। এই কারণে তার ওপর ক্ষুব্ধ হয়ে এই মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।
এ ব্যাপারে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ জানান, প্রশাসনের নাম ব্যবহার করে এমন কোনো কাজের অনুমতি কাউকে দেওয়া হয়নি। এছাড়া, ঝুঁকিপূর্ণ সেতুর সুরক্ষায় প্রয়োজন হলে প্রশাসন নিজেই ব্যবস্থা নেবে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাননি, তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।





