চাল চুরির প্রতিবাদে যুবককে পিটিয়ে আহত, তদন্তে নামলেন ডিসি!

সরকারি ভিজিএফ চাল চুরির প্রতিবাদ জানানোয় এক যুবককে বেধরক মারধরের অভিযোগ উঠেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়ন পরিষদে। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির এক নেতার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। গত ১১ মার্চ ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল বিতরণকালে কিছু উপকারভোগী চাল না পাওয়ার অভিযোগ তুললে বিষয়টি জানাজানি হয়। পরে পরিষদ সংলগ্ন একটি দোকান থেকে প্রায় ৪-৫ বস্তা চাল উদ্ধার করা হয়, যা বিতরণের আগেই সরিয়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ।
ভুক্তভোগী সোহেল মিয়া জানান, চাল পাচারের বিষয়টি তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফরিদ মিয়া ও তার সহযোগীরা তাকে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে নিয়ে মারধর করেন। এ ঘটনায় সোহেল মিয়া জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে সহকারী কমিশনার নাদরুন বিন আকন তদন্তের দায়িত্ব পান। যদিও নির্ধারিত ১ এপ্রিল তদন্ত হওয়ার কথা ছিল, তা শেষ পর্যন্ত হয়নি।
এদিকে, তদন্তের খবর পেয়ে ইউনিয়ন পরিষদে গেলে সাংবাদিক মোজাহিদ মসি-র ওপর হামলার অভিযোগ ওঠে ইউপি সদস্য এনামুল হক ফয়সলের বিরুদ্ধে। এ ঘটনায় মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এভাবে সরকারি চাল আত্মসাৎ ও প্রতিবাদকারীদের ওপর হামলা সাধারণ মানুষের মাঝে ভীতি সঞ্চার করছে। এই ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।





