সিলেট বিভাগ

সিলেট বিভাগের ধর্মঘট অবশেষে প্রত্যাহার! দীর্ঘ জট কেটে শুরু স্বাভাবিক সরবরাহ

সিলেট বিভাগের পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনের মালিকদের ডাকা ধর্মঘট অবশেষে প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের হয়রানি না করার আশ্বাস দেওয়ার পরই সংগঠনের ডাকা এই অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়। ফলে সিলেট বিভাগের সকল পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে তেল ও গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে।

বুধবার গভীর রাতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হলেও বৃহস্পতিবার দুপুর থেকে পুরোদমে সরবরাহ শুরু হয়। এর আগে সিলেটে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর উপস্থিতিতে জ্বালানি তেল ব্যবস্থাপনা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী সহ মালিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হঠাৎ পাম্প মালিকদের হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ তুলে বুধবার রাত সাড়ে ১১টার দিকে ধর্মঘটের ডাক দিয়েছিল বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউশন এজেন্টস এবং পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটি। এদিকে, মধ্যরাতেই ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির মুখপাত্র ব্যারিস্টার রিয়াশাদ আজিম হক আদনান।

এই ধর্মঘটের ফলে ট্রাক-লরি চালকরাও মোবাইল কোর্টের জরিমানা এবং চাঁদাবাজির প্রতিবাদে দক্ষিণ সুরমার বিভিন্ন পয়েন্টে অবরোধ কর্মসূচি শুরু করেছিল। এতে ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত সড়ক যানচলাচল স্বাভাবিক হয়।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button