তেল-গ্যাস না পেয়ে সড়ক অবরোধ, সিলেট-সুনামগঞ্জ যেন অচল!

সুনামগঞ্জের পেট্রোল পাম্পগুলোতে তেল ও গ্যাস সংকটের প্রতিবাদে পরিবহন চালক ও শ্রমিকরা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে এই কর্মসূচি শুরু হয়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
মল্লিকপুর সিনথিয়া ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, পাম্পের কাউন্টার বন্ধ এবং কোনো কর্মকর্তা-কর্মচারী নেই। তেল না পেয়ে অনেক চালক হতাশ হয়ে ফিরে গেছেন। যদিও পেট্রোল পাম্পগুলোতে গ্যাসের সংকট নেই, তবে অবরোধের কারণে যানবাহনগুলো গ্যাসও পাচ্ছে না। একই চিত্র শহরের বলাকা ও ছফেদা ফিলিং স্টেশানেও।
ঘণ্টাখানেক অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে পাম্প খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত হলে চালক-শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
এই অবরোধের ফলে অসংখ্য চালক ও শ্রমিক চরম ক্ষতির মুখে পড়েছেন। মোটরসাইকেল চালক উজ্জ্বল মিয়া জানান, প্রতিদিনের আয় দিয়ে সংসার চলে, কিস্তির টাকা দিয়ে কেনা হয়েছে মোটরসাইকেল, পাম্প বন্ধ থাকলে কীভাবে সংসার চালাবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। সিএনজিচালিত অটোরিকশা চালক মশিউর বলেন, পেট্রোল সংকট থাকলেও গ্যাস সংকট নেই, অথচ অবরোধের কারণে গ্যাসও পাওয়া যাচ্ছে না। ভাড়ায় চালিয়ে সংসার চালান তারা, গ্যাস না পেয়েই সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন।
পুলিশ কর্মকর্তা টিআই আবু হানিফ জানান, অবরোধের কারণে পাম্প বন্ধ ছিল। চালকরা তেল-গ্যাস না পেয়ে সড়ক অবরোধ করলে মালিক পক্ষের সাথে কথা বলে তাদেরকে পাম্প খুলে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। সেই আশ্বাসে চালকরা অবরোধ প্রত্যাহার করে নেন।





