শ্রীমঙ্গলে ভয়ঙ্কর সংঘর্ষে দুই মৃত্যু, আহত ৩! যা ঘটল সড়কে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিরাজনগর এলাকায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে যাওয়া একটি মাইক্রোবাসের সঙ্গে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের দিকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অটোরিকশার চালক আব্দুল হান্নান ও এক যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত ডাক্তার মৌসুমী আক্তার তাদের মৃত ঘোষণা করেন।
আহত অন্য দুই যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে রাহুলের (১৮) পরিচয় জানা গেছে, তবে অন্যজনের পরিচয় এখনও মেলেনি। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন। সংঘর্ষের ঘটনায় মাইক্রোবাসের চালক নাঈমকে (২৫) আটক করেছে পুলিশ। মাইক্রোবাসের যাত্রীরা অক্ষত রয়েছেন।





