সিলেট বিভাগ

নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার! পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের দুই দিন পর জুনায়েদ মিয়া নামের ১৪ বছর বয়সী এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার গুরুতর অভিযোগ তুলেছে নিহতের পরিবার। রবিবার (২৯ মার্চ) রাত ৮টার দিকে স্থানীয়রা বাদেআলীসা গ্রামের কামারপাড়া এলাকায় একটি পতিত জমিতে লাশটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহত জুনায়েদ উপজেলার ভূনবীর ইউনিয়নের আলীসারকুল গ্রামের দুবাই প্রবাসী মো. রমিজ মিয়ার ছেলে এবং সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ছিল। এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় জুনায়েদ বাড়ির পাশে বসে মোবাইলে গেম খেলছিল। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান মেলেনি। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরও পুলিশ কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ নিহতের আত্মীয় রবিন আহমেদের। তিনি বলেন, “জিডি করার পরও পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। আমরা যোগাযোগ করলেও তারা সাড়া দেয়নি।”

নিহতের ভাই জুবায়েদ মিয়া জানান, ঘটনার দিন দুপুর ১২টার দিকে জুনায়েদের মোবাইলে একটি অজ্ঞাত আইডি থেকে হুমকিমূলক বার্তা আসে। পরে রাতে আরেকটি বার্তায় পালানোর কথা বলা হয়। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে কামারপাড়ার পতিত জমি থেকে তার ভাইয়ের লাশ উদ্ধার হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে। এসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান। নিহতের পরিবারের সদস্যরা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button