সিলেট বিভাগ

১২ লাখ টাকা খোয়াও, লিবিয়ায় নিখোঁজ তরুণ! মায়ের আহাজারিতে ভারি গোটা গ্রাম

নিখোঁজ হওয়া জগন্নাথপুরের ইজাজুল হকের (২৪) পরিবারে এখন শোকের ছায়া। অভাব দূর করার স্বপ্ন নিয়ে লিবিয়া পাড়ি দেওয়া ইজাজুলের কোনো খোঁজ মিলছে না। গত ২১ মার্চ রাতে সমুদ্রপথে ইউরোপের উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকেই তার পরিবার আদরের ছোট ছেলের নিখোঁজ হওয়ার খবরে শোকে কাতর।

পরিবারের তথ্য মতে, ইজাজুল তার ব্যবসা গুটিয়ে ১২ লাখ টাকা দালালের হাতে তুলে দিয়ে লিবিয়ার পথে রওনা হয়েছিলেন। ছাতক উপজেলার এক দালাল তাকে লিবিয়া পাঠান। সেখানে পৌঁছানোর পর থেকেই শুরু হয় তার বিভীষিকাময় অভিজ্ঞতা। ইজাজুলের বোন জামাই জানান, পর্তুগাল থেকে এক দালাল পরিচয়ধারী ফোন করে অস্পষ্ট তথ্য দিয়েছে। নিখোঁজ হওয়ার পর থেকে দালালের ফোনও বন্ধ।

ইজাজুলের বড় বোন জানান, দালাল দুলাল তাকে লিবিয়া নিয়ে আটকে রেখেছিল। সেখানে তাকে খেতে দেওয়া হতো না এবং দিনের পর দিন মারধর করা হতো। শেষবার ইজাজুল পরিবারের কাছে জানিয়েছিল যে সে নৌকায় উঠছে, এরপর থেকে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন।

একই বন্দিশালায় থাকা ইজাজুলের চাচাতো ভাই রাজেন লিবিয়া থেকে জানিয়েছেন, ইউরোপে পাঠানোর আগে তাদের ওপর অমানবিক নির্যাতন চালানো হতো এবং প্রায় এক মাস খাবার দেওয়া হয়নি। ইজাজুল মাঝে মাঝে বাড়িতে ভয়েস মেসেজ পাঠাতেন, যেখানে পাশবিক অত্যাচারের কথা ফুটে উঠত। ২১ মার্চ শেষবারের মতো একটি ভয়েস মেসেজ দিয়ে তিনি জানিয়েছিলেন যে তিনি গেইমে উঠছেন।

সন্তানের অপেক্ষায় মা ফিরোজা বেগমের আহাজারিতে পুরো গ্রাম স্তব্ধ। ইজাজুলের বর্তমান অবস্থা সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য না পাওয়ায় পুরো পরিবার এখন দিশেহারা।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button