ভূমধ্যসাগরে সলিল সমাধি! জীবিত ফিরল না সুনামগঞ্জের ১২ তরুণ, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ২২ জন অভিবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ১৮ জন বাংলাদেশি। এটি গত শুক্রবার (২৭ মার্চ) গ্রিসের ক্রিট দ্বীপের কাছে ঘটে। উদ্ধার হওয়া ২৬ জনের তথ্য অনুযায়ী, নৌকাটিতে থাকা আরও অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ১২ জনই বাংলাদেশের সুনামগঞ্জ জেলার। বিশেষভাবে, দিরাই উপজেলা থেকে ৬ জন, দোয়ারাবাজার থেকে ১ জন এবং জগন্নাথপুর উপজেলা থেকে ৫ জন রয়েছেন।
সংবাদ মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুসারে, মৃতদের মধ্যে রয়েছেন দিরাইয়ের তারাপাশা গ্রামের নুরুজ্জামান সরদার ময়না (৩০), সাজিদুর রহমান (২৮), শাহান মিয়া (২৫), রনারচর গ্রামের মুজিবুর রহমান (৩৮), বাসুরি গ্রামের মো. সুহানুর রহমান এবং মাটিয়াপুর গ্রামের তায়েফ মিয়া (নিখোঁজ, মৃত বলে ধারণা)। দোয়ারাবাজারের কবিরনগরের আবু ফাহিম এবং জগন্নাথপুরের সোহানুর রহমান, শায়েখ আহমেদ, মো. নাঈম, আমিনুর রহমান ও মোহাম্মদ আলীর নামও জানা গেছে।
ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, দিরাইয়ের এক মানবপাচারকারী প্রায় ১২ লাখ টাকা চুক্তিতে তাদের ইউরোপ পাঠানোর ব্যবস্থা করেছিল। কিন্তু কথা অনুযায়ী নিরাপদ নৌযানের বদলে একটি ছোট ও ঝুঁকিপূর্ণ নৌকায় তাদের তুলে দেওয়া হয়, যা এই দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





