তেলের ডিপোতে বিজিবি! আতঙ্কে ভোক্তা, কী ঘটছে সিলেটে?

সিলেটের জ্বালানি তেলের ডিপোগুলোতে নিরাপত্তা জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় শনিবার থেকে জেলার পদ্মা ও মেঘনা ডিপোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন। কর্তৃপক্ষের দাবি, এই পদক্ষেপে সম্ভাব্য মজুতদারি, নাশকতা ও সরবরাহে বিঘ্ন এড়ানো যাবে। দেশের ১৯টি জ্বালানি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, এই পদক্ষেপে জনমনে আতঙ্ক তৈরি হবে বলে মনে করছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটর, এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াশাদ আজিম হক আদনান। তিনি প্রশ্ন তুলেছেন, কোথা থেকে কীভাবে তেল চুরি হচ্ছে তা খুঁজে বের করা প্রশাসনের দায়িত্ব, বিজিবি সীমান্তে পাচার রোধ করবে।
সিলেটের পদ্মা ও মেঘনা ডিপোতে দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। গত ২৫ মার্চ থেকে সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায় মোট ৬টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধে টহল জোরদার এবং তল্লাশি চালানো হচ্ছে। সম্ভাব্য জ্বালানি সংকট নিয়ে গুজব ঠেকাতে জেলা প্রশাসনও প্রতিটি পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ এবং অবৈধ মজুত বা কারসাজির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা করেছে।





