রংপুর বিভাগ

আত্রাই নদীতে চলছে মহোৎসব! প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ‘প্রভাবশালী চক্রের’ রমরমা ব্যবসা, অন্ধকারে কোটি টাকার রাজস্ব!

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কাশিপুর মৌজায় আত্রাই নদী থেকে ব্যাপক হারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রশাসনের নাকের ডগায় একটি প্রভাবশালী চক্র মহামান্য হাইকোর্টে একটি রিট মামলা চলমান থাকা সত্ত্বেও দিনরাত প্রকাশ্যে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গতকাল (২৯ মার্চ) বিকেলে ইউএনও মিজ সুমা খাতুন পুলিশ টিমসহ ঘটনাস্থলে গিয়ে চাঁন মিয়ার জমিতে স্তূপ করে রাখা প্রায় ১ হাজার ৫০০ সিএফটি অবৈধ বালি জব্দ করেন।

এ ঘটনায় বীরগঞ্জ থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে একটি মামলা হলেও মূলহোতা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর মতে, উচ্চ আদালতে মামলা থাকা সত্ত্বেও প্রতিদিনই নদী থেকে এই বালু উত্তোলন চলছে, যা নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করছে এবং তীরবর্তী কৃষিজমি ও বসতবাড়ির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে সরকারি রাজস্বও বিপুল পরিমাণ চুরি হচ্ছে।

খবর ছড়িয়ে পড়লে এবং প্রশাসনের নজরে আসলে জব্দকৃত বালি ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহীনের জিম্মায় দেওয়া হয়। এতে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, এই অবৈধ বালু উত্তোলনের অন্যতম নির্দেশদাতা হলেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী। জব্দকৃত বালি তাকে জিম্মায় দিয়ে প্রকৃত ঘটনা আড়াল করা হয়েছে এবং তিনি সেই বালি তার ঠিকাদারি কাজে ব্যবহার ও বিক্রি করেছেন বলেও অভিযোগ রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এভাবে অবৈধ বালু উত্তোলন চলতে থাকলে নদীর নাব্যতা কমে যাওয়া, তীর ভাঙন বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়রা অবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা সরকারি রাজস্ব বৃদ্ধিতে বৈধভাবে লিজ প্রদানের জন্যও আবেদন করেছেন। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button