ইছামতি নদীতে হঠাৎ যা ঘটল… অজানা পাখি দেখতে উপচেপড়া ভিড়!

বগুড়ার ধুনট ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ইছামতি নদী এখন অতিথি পাখি শামুকখোলের আগমনে মুখরিত। গত এক সপ্তাহ ধরে হাজার হাজার শামুকখোল পাখি এই নদীর বুকে অবস্থান করছে। স্থানীয়দের জন্য এমন অতিথি পাখির সমাগম একেবারেই নতুন। এই অচেনা পাখি দেখতে প্রতিদিন ভিড় করছেন নানা বয়সের মানুষ।
নদী ও এর তীরবর্তী ধান ক্ষেতে দল বেঁধে শামুকখোল পাখি খাবার সংগ্রহ করছে। বকের মতো দেখতে হলেও এরা আকারে বড় এবং ভিন্ন প্রজাতির। এদের অবাধে উড়ে বেড়ানো এবং ঝাঁক বেঁধে খাবার শিকার করার দৃশ্য প্রকৃতির শোভা অনেক বাড়িয়ে দিয়েছে।
স্থানীয় কৃষক আব্দুস ছালাম জানান, এক সপ্তাহ ধরে শামুকখোল পাখিকে দল বেঁধে খাবার সংগ্রহ করতে দেখা যাচ্ছে। খাবার শেষে তারা নদীর তীরের উঁচু গাছগুলোতে আশ্রয় নেয়। তবে স্থানীয়দের অনেকেই এই পাখির সঠিক নাম জানেন না।
পাইকপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক ও শহিদুল ইসলাম জানান, এই নদী এলাকায় আগে তেমন পাখি দেখা যেত না। হঠাৎ করেই শামুকখোল পাখিদের আগমন হয়েছে। নদী ও ধান ক্ষেতের মাছ এবং শামুক খেয়ে এরা জীবনধারণ করছে। অচেনা এই পাখি দেখতে অনেকে সপরিবারে ভিড় করছেন, যা এলাকার প্রাকৃতিক সৌন্দর্য্যে নতুন মাত্রা যোগ করেছে।





