পুকুরে মাছ ধরতে নেমে যা ঘটল… মুহূর্তেই কেড়ে নিল প্রাণ!

বগুড়ার আদমদীঘি উপজেলায় ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সোমবার সকালে কদমগাড়ী গ্রামের একটি পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে নিরেন চন্দ্র (৬৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুই জেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টার দিকে পারইল গ্রামের একদল জেলে কদমগাড়ী গ্রামের তোতা নামের এক ব্যক্তির পুকুরে মাছ ধরতে নামেন। ওই পুকুরে পানি সেচের জন্য আগে থেকেই বৈদ্যুতিক সাবমারসিবল পাম্প বসানো ছিল। জেলেরা মাছ ধরতে পানিতে নামলে সাবমারসিবল পাম্পের বিদ্যুতের সংযোগ থেকে তারা বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই মারা যান নিরেন চন্দ্র। আহত হন কালাচাঁন ও দিপেন নামের আরও দুই জেলে।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিরেন চন্দ্রকে মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানিয়েছেন, নিহত জেলের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। এই ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং মৎস্যজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।





