শিবগঞ্জে কি ঘটল রাতে? ৯ কেজি গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৯ কেজি গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। সোমবার দুপুরে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফাহাদুজ্জামান আকন্দের নেতৃত্বে র্যাবের একটি বিশেষ দল রোববার রাতে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কাথানিপাড়া এলাকার একটি আমবাগানে অভিযান চালায়। অভিযানকালে ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত বিস্ফোরকদ্রব্যগুলো শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলিম জানান, র্যাবের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) মূলে থানায় ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার ও বোমা তৈরির সরঞ্জাম জমা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ।





