বন্ধ হচ্ছে তেল পাম্প? কাগজ ছাড়া পাম্পে ঢুকলেই ঘুরতে হবে খালি হাতে!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জেলা প্রশাসনের নতুন নির্দেশনায় বৈধ কাগজপত্র ও হেলমেট ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কানসাটে মেসার্স সুমন ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজের নেতৃত্বে পুলিশ সদস্যদের সহযোগিতায় প্রতিটি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট যাচাই করে তেল দেওয়া হচ্ছে। যাদের বৈধ কাগজপত্র নেই, তাদের তেল না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। প্রশাসনের এ উদ্যোগে তেল নিতে আসা কয়েকজন গ্রাহক স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, এই উদ্যোগ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং অবৈধ যানবাহনের চলাচল কমবে। এতে জ্বালানির অপচয় রোধের পাশাপাশি দেশের রাজস্ব খাতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ জানান, জেলা প্রশাসনের নির্দেশনা সকল পেট্রোল পাম্পে কার্যকর করা হয়েছে এবং সড়ক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।





