কুকুরের মাংস বিক্রি! আঁতকে ওঠা ঘটনায় কিশোর গ্রেপ্তার

টাঙ্গাইলের ধনবাড়ীতে জবাই করা কুকুরের মাথা ও বিভিন্ন অংশ উদ্ধারের ঘটনায় অবশেষে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত আসিফ (নাম পরিবর্তিত, ১৬) নামের ওই কিশোরকে শনাক্ত করা হয়। পরে ধনবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ঘটনাটি ঘটে গত শনিবার পৌর শহরের কাঁচা বাজারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এক মাংস বিক্রেতার চৌকির নিচ থেকে জবাই করা কুকুরের মাথা ও খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ নিশ্চিত হয় যে, আসিফ এই ঘটনার সাথে জড়িত।
ধনবাড়ী থানার ওসি জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিফ কুকুর জবাই এবং মাংস বিক্রির কথা স্বীকার করেছে। সে ছত্রপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। গ্রেপ্তারকৃতকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ এই ঘটনার সাথে জড়িত অন্যদেরও শনাক্ত করতে অভিযান চালাচ্ছে। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।





