শিক্ষিকা হত্যাকাণ্ডের এক মাস পর যা ঘটল, উত্তাল কুষ্টিয়া!

নিহত শিক্ষিকা আসমা সাদিয়া রুনা হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে কুষ্টিয়া। ঘটনার এক মাস পার হলেও প্রধান আসামি ছাড়া অন্য কেউ গ্রেপ্তার না হওয়ায় ফুঁসে উঠেছে শিক্ষার্থী ও নিহতের পরিবার। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে তারা। এরপর পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, গত ৪ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ দপ্তরে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার কুষ্টিয়া মডেল থানায় ফজলুর রহমানকে প্রধান আসামি করে আরও তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ ফজলুর রহমানকে গ্রেপ্তার করলেও বাকি আসামিদের দেখা মিলছে না।
অবরোধ ও ঘেরাও কর্মসূচিতে নিহতের স্বামী ও সন্তানসহ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। তারা অভিযোগ করেন, মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিরাপত্তা যদি নিশ্চিত না হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
পরে শিক্ষার্থী প্রতিনিধি ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শওকত মো. হাসান ইমামের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশ আশ্বাস দিয়েছে, প্রধান আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে অন্যদের জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখা হবে এবং দ্রুত তদন্ত সম্পন্ন করা হবে।





