মধ্যরাতে রাস্তায় নেমে যা বলল খুবি শিক্ষার্থীরা!

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো আইন ডিসিপ্লিনের ২১ ব্যাচের শিক্ষার্থী মৌমিতা হালদারের মৃত্যুর প্রতিবাদে মধ্যরাতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, একের পর এক সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারা সহপাঠীর এই মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না এবং অবিলম্বে দায়ীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শিক্ষার্থীরা জানান, তারা প্রতিদিন ভয় নিয়ে সড়কে চলাচল করেন এবং এই মৃত্যু সড়ক ব্যবস্থার ব্যর্থতার প্রতিচ্ছবি।
খুলনা সিটি করপোরেশনের কমিশনার বরাবর শিক্ষার্থীরা দুটি দাবি পেশ করেছেন: প্রথমত, ২৪ ঘণ্টার মধ্যে দুর্ঘটনার সঙ্গে জড়িত সকল পক্ষকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে জবাবদিহিতা ও শাস্তি নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, খুলনা নগরীতে লাইসেন্সবিহীন ও ফিটনেসবিহীন যানবাহনের চলাচল বন্ধ করতে হবে। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে খুলনা মহানগরীর জেলা পরিষদ ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে। মৌমিতা হালদার রিকশায় বাবার সঙ্গে ফিরছিলেন, তখন একটি দ্রুতগতির প্রাইভেটকার রিকশাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





