নারীর বুদ্ধিতে দলবেঁধে নারীকে ধর্ষণ, অবশেষে ধরা পড়ল ৬ জন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক নারীকে কৌশলে ডেকে নিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এই চাঞ্চল্যকর ঘটনায় মূল পরিকল্পনাকারী এক নারীসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার দীর্ঘ তদন্তের পর অবশেষে ধরা পড়ল তারা।
গত ২৫ মার্চ রাত ১০টার দিকে উপজেলার খাদিমপুর বেলেদারী ফাঁকা মাঠের পার্শ্ববর্তী একটি আমবাগানে এই ঘটনা ঘটে। শনিবার বিকেল ৪টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার মূল ষড়যন্ত্রকারী একই এলাকার ফয়সালের স্ত্রী কবিতা (৩০) পূর্ব পরিচয়ের সূত্র ধরে ভিকটিমকে ইজিবাইকে করে চুয়াডাঙ্গা বেলেদারী ফাঁকা মাঠে ডেকে নিয়ে যান। সেখানে আগে থেকে অপেক্ষমাণ অন্য আসামিরা দেশীয় অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। এরপর আব্দুস সালাম, শাহজাহান, সামাদ আলী, আদম আলী ও মিজান পালাক্রমে তাকে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয়। পরে তারা ভিকটিমকে চুয়াডাঙ্গার বড়বাজারে নামিয়ে দিয়ে পালিয়ে যায়।
বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়লে ভিকটিম তার স্বামীকে সব ঘটনা খুলে বলেন। এরপর পুলিশের বিশেষ দল অভিযান চালিয়ে ভোররাতে গ্রেপ্তার করে অভিযুক্তদের। পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। মূল পরিকল্পনাকারীসহ জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।





