ভ্যাপসা গরমে ‘জীবন দুর্বিষহ’! যা হচ্ছে ঢাকা সহ ২৭ জেলায়…

চৈত্রের খরতাপ আর ভ্যাপসা গরমে দেশের বেশিরভাগ মানুষ অতিষ্ঠ। বিশেষ করে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের খুলনা ও রাজশাহী বিভাগসহ মোট ২৭টি জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। একই সঙ্গে রাজধানী ঢাকাতেও তাপমাত্রা ক্রমেই বাড়ছে, যা নগরজীবনকে দুর্বিষহ করে তুলেছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আগামী রোববার পর্যন্ত এই তাপপ্রবাহের অবস্থা অব্যাহত থাকতে পারে। ধারণা করা হচ্ছে, এই মাসে দুই থেকে চারটি মৃদু থেকে মাঝারি এবং একটি বা দুটি তীব্র তাপপ্রবাহের সম্মুখীন হতে পারে দেশ। এসময় তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
শুক্রবার সন্ধ্যায় আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, গত বৃহস্পতিবারের তুলনায় তাপপ্রবাহের বিস্তৃতি বেড়েছে। বর্তমানে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের দুটি বিভাগসহ মোট ২৭টি জেলা এর আওতায় এসেছে। তাপমাত্রার এই বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে, ২০২৩ ও ২০২৪ সালের তুলনায় এবারের তাপপ্রবাহ কিছুটা কম হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। বিগত বছরগুলোতে যেখানে টানা তাপপ্রবাহ ছিল, এবার তাপপ্রবাহের সঙ্গে মাঝে মাঝে বৃষ্টিও থাকবে বলে তিনি জানান।
আগামী দুদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে এবং দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে। ২৪ ঘণ্টার মধ্যে দেশের পশ্চিমাঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইতে পারে এবং দিন-রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
সাম্প্রতিক তাপমাত্রা পর্যালোচনায় দেখা যায়, দিনের তাপমাত্রা বাড়ছে। শুক্রবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজধানীতে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় বেশি। উত্তরের জেলাগুলোর তুলনায় রাজধানীতে তাপমাত্রা কম হলেও ভ্যাপসা গরম হঠাৎ বেড়ে যাওয়ায় জনজীবনে স্বস্তি নেই। গরমজনিত রোগের প্রাদুর্ভাবও বেড়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আবু আসমা জানান, গরমের কারণে হাসপাতালে শিশু রোগীর হার বেড়েছে। এ সময়ে শিশুরা জ্বর, ডায়রিয়াসহ নানা রোগে বেশি আক্রান্ত হয়। তাই ভ্যাপসা গরমে শিশুদের প্রতি বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস মৃদু তাপপ্রবাহ, ৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস মাঝারি তাপপ্রবাহ, ৪০-৪১.৯ ডিগ্রি সেলসিয়াস তীব্র তাপপ্রবাহ এবং ৪২ ডিগ্রির বেশি হলে অতি তীব্র তাপপ্রবাহ ধরা হয়।
তবে, স্বস্তির খবরও রয়েছে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, আগামী সোমবার থেকে টানা তিন-চারদিন বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এসময় দমকা হাওয়াসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।





