ঢাকা বিভাগ

কারখানা থেকে ৩ কর্মকর্তাকে অপহরণ, মুক্তিপণ না পেয়ে অমানুষিক নির্যাতন! শেষে যা ঘটল…

গাজীপুরের শ্রীপুরে দুলাল ব্রাদার্স লিমিটেড (ডিবিএল) নামের একটি কারখানার তিন কর্মকর্তাকে অপহরণ করে মারধর এবং ১ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত তথ্যে জানা যায়, বুধবার রাতে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও সাতজনকে আসামি করে শ্রীপুর থানায় একটি মামলা করেন ডিবিএল কারখানার কাটিং সুপারভাইজার নাঈম আহম্মেদ লাভলু। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রাম থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— শাহিন (২০), নয়ন খান (১৮), রবিন (২৪), দুলাল মিয়া (৪০) এবং মাহবুব আলম (৩৫)।

মামলার বাদী নাঈম আহম্মেদ লাভলু জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে তার সহকর্মী অরুপ রতন শর্মা, মিঠুন ও নিশাত ডিউটি শেষে কারখানা থেকে বের হলে আসামিরা তাদের অপহরণ করে দক্ষিণ ধনুয়া গ্রামের এবাদত আলী খানের বাড়িতে নিয়ে আটকে রাখে। পরে তাদের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মারধর করা হয়। তিনি আরও জানান, সহকর্মীদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেলে আসামিরা তাকেও মারধরের চেষ্টা করে এবং তার মোটরসাইকেল আটকে রাখে। পরে কৌশলে সেখান থেকে বের হয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিঠুন, নিশাত ও অরুপ রতনকে উদ্ধার করে। আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমেদ বলেন, মামলার পর রাতেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button