মুক্তিযোদ্ধাকে ছাত্রলীগ নেতার নারকীয় হামলা: হাত-পা ভেঙে মাথা থেঁতলে দিল!

মুন্সীগঞ্জের গজারিয়ায় এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত-পা ভেঙে মাথা ও শরীরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। গুরুতর অবস্থায় ওই মুক্তিযোদ্ধাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।
আহত মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান নইমুল (৭৬) উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের বালুয়াকান্দী গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে। অভিযুক্ত তুহিন প্রধান গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও দনিয়া কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও আহত মুক্তিযোদ্ধার অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় নাসিমুল-মনির গংদের আত্মীয় তুহিন প্রধান তার দলবল নিয়ে ওয়াহিদুজ্জামান নইমুলের ওপর এই হামলা চালায়। সালিশ বৈঠক থেকে বের হওয়ার পরপরই তুহিন ও তার ১০-১২ জন সহযোগী মুক্তিযোদ্ধাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। এতে তার একটি হাত ও একটি পা ভেঙে যায় এবং মাথার পেছনে গভীরভাবে আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠান।
হাসপাতালের জরুরি বিভাগের ডা. শারমিন সুলতানা জানান, আহত মুক্তিযোদ্ধার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তার একটি হাত ও পা ভেঙেছে এবং মাথায় ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত তুহিন প্রধানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে গজারিয়া থানার ওসি হাসান আলী জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





