হঠাৎ ভিড়ে যা ঘটল মগবাজারের বিশাল সেন্টারে… অবশেষে আদালতে যা জানালেন ওসি!

রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে ‘নবীন ফ্যাশন’ নামক একটি দোকানে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আদালতে ব্যাখ্যা দিয়েছেন হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজা। তিনি লিখিত জবাবে উল্লেখ করেন, আকর্ষণীয় অফারকে কেন্দ্র করে হঠাৎ অতিমাত্রায় ভিড় এবং বাইকারদের চাপের কারণেই ওই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রোববার (২৯ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি এ ব্যাখ্যা প্রদান করেন।
গণমাধ্যমকে দেওয়া এক লিখিত বক্তব্যে ওসি গোলাম মর্তুজা জানান, ‘নবীন ফ্যাশন’ প্রায় তিন বছর ধরে এই মার্কেটে ব্যবসা করছে এবং তারা প্রায়শই কম দামে পণ্য বিক্রি ও আকর্ষণীয় অফার দিয়ে থাকে। সম্প্রতি, তারা দুটি পাঞ্জাবি কিনলে চারটি ফ্রি এবং বাইকারদের জন্য ইঞ্জিন অয়েল ও রিকশা ভাড়াও ফ্রি দেওয়ার ঘোষণা দেয়। এই অফার ব্যাপক প্রচার পেলে জুমার নামাজের আগ থেকেই দোকানের সামনে প্রচুর ভিড় জমে যায়, যেখানে প্রতি মুহূর্তে প্রায় ১০০-১২০টি মোটরসাইকেল আসা-যাওয়া করছিল। এই অতিরিক্ত ভিড়ের কারণে দোকানের সামনে, পার্কিংয়ে এবং আশেপাশের দোকানগুলোর সামনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
পরিস্থিতি সামাল দিতে না পেরে ‘নবীন ফ্যাশন’ বিকেল ৫টার দিকে তাদের অফার বন্ধ করে দেয় এবং দোকানের শাটার নামিয়ে দেয়। তবে ক্রেতারা পিছনের গেট দিয়ে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি আরও অগোছালো হয়ে পড়ে। এই অবস্থায় মার্কেটের সিকিউরিটি গার্ড এবং কমিটির অন্যান্য সদস্যরা দোকানে গেলে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটে। তখন সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
ঘটনার প্রেক্ষিতে আদালত হাতিরঝিল থানার ওসিকে তলব করে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে এবং ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে দোকানটি খুলে দেওয়ার নির্দেশ দেয়। আদালত প্রকাশিত খবরের ভিত্তিতে পুলিশের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী, পুলিশি উপস্থিতিতে ‘নবীন ফ্যাশন’ দোকানটি খুলে দেওয়া হয় এবং ব্যবসায়ীদের নিরাপদে ব্যবসা পরিচালনার সুযোগ করে দেওয়া হয়।





