ঢাকা বিভাগ

১৪ কোটির প্রকল্প নিজেই আবর্জনায় চাপা! চালু হওয়ার আগেই নষ্ট যন্ত্রপাতি, কী ঘটল এত বড় দুর্নীতির?

কিশোরগঞ্জ শহরের ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে স্থাপিত প্রায় ১৪ কোটি টাকার বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প চালু হওয়ার তিন বছর পরও অচল হয়ে পড়ে আছে। ময়লার ভাগাড়ে পরিণত হওয়া এই প্রকল্পের তীব্র গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে, নষ্ট হচ্ছে আশেপাশের জমির ফসল ও পুকুর।

জানা গেছে, এশিয়া উন্নয়ন ব্যাংক (ADB)-এর অর্থায়নে ২০২২ সালের শেষের দিকে কিশোরগঞ্জ পৌরসভা এই আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য শোধনাগার প্রকল্পটি স্থাপন করে। প্রকল্পের ভেতরে অত্যাধুনিক পাম্প ও ফিল্টার মেশিন বসানো হয়েছিল, যা বর্জ্য থেকে ময়লা পানি আলাদা করে বিশুদ্ধ করার কথা ছিল। প্রক্রিয়াজাত শেষে বর্জ্য জৈব সারে রূপান্তরেরও কথা ছিল।

কিন্তু স্থাপনের পর থেকেই প্রকল্পটি চালু হয়নি। এর মূল কারণ হিসেবে জানা গেছে, অপচনশীল ও পচনশীল দ্রব্য আলাদাভাবে ড্রাম্পিং করার কথা থাকলেও তা সঠিকভাবে হয়নি। ফলে পুরো প্রক্রিয়াটিই অকার্যকর হয়ে পড়েছে। অযত্নে পড়ে থেকে নষ্ট হচ্ছে প্রকল্পের মূল্যবান যন্ত্রপাতি।

অন্যদিকে, প্রকল্পের ফটক বন্ধ থাকলেও এর সামনের আঞ্চলিক মহাসড়কের পাশে প্রতিনিয়ত ট্রাকে করে পৌরসভার সকল বর্জ্য এনে ফেলা হচ্ছে। যা ইতোমধ্যে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন পথচারী ও এলাকাবাসী।

কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক জেবুন নাহার শাম্মী এই সমস্যা স্বীকার করে জানিয়েছেন, প্রকল্পটি পুনরায় চালু করতে বর্তমান স্থাপনা খরচের সমপরিমাণ অর্থ লাগতে পারে। তবে তারা স্বল্প সময়ের মধ্যে একটি কার্যকর সমাধান খোঁজার চেষ্টা করছেন। পরিবেশ ও জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট হামিদা বেগম।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button